পরিবেশ প্রতিবেদক
'দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুরে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। আজ রবিবার (১লা নভেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, ঋণের চেক বিতরণ ও যুব মেলার উদ্বোধন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আশরাফুল ইসলাম।
এরপর রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আশরাফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশের বেশি যুবক। দেশের এই বিশাল যুবশক্তিকে কাজে লাগিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সর্বোত্তম সুফল নিশ্চিত করতে হবে। যুবসমাজকে শুধু বয়সের নির্দিষ্ট পরিসরে সীমাবদ্ধ না রেখে তাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, আত্মনির্ভরশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, শুধু কথায় নয়, কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জাতীয় স্বার্থে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: শরিফুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো: আব্দুল ফারুক এবং মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার মো: আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে রংপুরের ৪৬ জন যুবকের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য সর্বমোট ২৪,০৪,০০০ (চব্বিশ লক্ষ চার হাজার) টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া তিন দিনব্যাপী আয়োজিত যুব মেলায় মোট ২২টি স্টল স্থান পেয়েছে।
উক্ত আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, বিভিন্ন যুব সংগঠনের সদস্য ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রংপুরে জাতীয় যুব দিবস উদযাপিত : যুবশক্তিকে কাজে লাগিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুফল নিশ্চিত করার আহ্বান