তাইয়্যেবা জাহান, জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবুজায়ন প্রকল্পের অংশ হিসেবে ক্যাম্পাসে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে রাবার, চায়না থ্রি লিচু ও কামরাঙ্গা গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
পূবালী ব্যাংক পিএলসি-এর সৌজন্যে আয়োজিত এই কর্মসূচিতে ক্যাম্পাস জুড়ে ফলজ, বনজ ও সৌন্দর্যবর্ধনকারী বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। চারার মধ্যে রয়েছে রাবার, রঙ্গন, বাগানবিলাস, গাঁদা, পেয়ারা, আতা, আমলকী, সিজিয়াম, চায়না থ্রি লিচু, কাঠবাদাম, সোনালু ও করবীর মতো বিভিন্ন উদ্ভিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের প্রয়োজনে কিছু গাছ সরিয়ে অন্যত্র স্থানান্তর এবং কিছু গাছ অপসারণ করতে হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় আমরা তার চেয়ে অধিক পরিমাণে গাছের চারা পরিকল্পিতভাবে রোপণ করছি।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা, পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক ও ত্রিশাল শাখা প্রধান মোহাম্মদ ইউসুফ আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ক্যাম্পাস সবুজায়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. মোশারফ হোসেনের বৃক্ষরোপণ