মমিনুল ইসলাম রিপন রংপুর
পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের উদ্যোগে আয়োজিত ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর রংপুর রেঞ্জ ফাইনাল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ফাইনালে বালক বিভাগে দিনাজপুর জেলা এবং বালিকা বিভাগে লালমনিরহাট জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিযোগিতায় রংপুর রেঞ্জের আটটি জেলা—রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাটের বালক ও বালিকা বিভাগে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। বিভিন্ন ধাপ অতিক্রম করে বালক বিভাগের ফাইনালে রংপুর জেলাকে হারিয়ে দিনাজপুর জেলা এবং বালিকা বিভাগের ফাইনালে কুড়িগ্রাম জেলাকে হারিয়ে লালমনিরহাট জেলা বিজয়ী হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, "আইজিপি মহোদয়ের নেতৃত্বে পুলিশি কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারই একটি কার্যকর মাধ্যম হলো কমিউনিটি পুলিশিং। খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক, পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা গড়ে তোলা সম্ভব।" বিজয়ী দলগুলো জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও সাফল্য অর্জনের মাধ্যমে রংপুর রেঞ্জের গৌরব বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশীদ।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরআরএফ রংপুরের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. আব্দুর রাজ্জাক, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার বি. এম. আশরাফ উল্যাহ্ তাহের, আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট মোহাঃ হাফিজুর রহমান, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং রংপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন ও মো. শরিফুল আলমসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করা, মাদক ও অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে এ চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়। রংপুর রেঞ্জ হেডকোয়ার্টার্স ও রংপুর জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় সফলভাবে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে দিনাজপুরের বালক ও লালমনিরহাটের বালিকা দল চ্যাম্পিয়ন